উদ্ভট আচরণের অভিযোগে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএম কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। তারা বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাসদস্যরা এসে চার শিক্ষার্থীকে আটক করেন এবং পরে থানায় সোপর্দ করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানায় উপস্থিত হন বিএম কলেজের একাধিক শিক্ষার্থী। তাদের দাবি আটককৃত চারজন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিতে স্থান পেয়েছিলেন। তবে ওই কমিটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
একজন শিক্ষার্থী জানান, কলেজ ক্যাম্পাসের পাশের শেরে বাংলা স্কুল নিয়ে একটি ঝামেলা হয়েছিল। সম্ভবত সেই ঘটনার জেরে তাদের আটক করা হয়েছে।
পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ভট আচরণের অভিযোগে আটক শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বিএম কলেজের শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক হওয়া শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পুরো কোতোয়ালি থানা সেনাবাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে রাখা হয়েছে।