নওগাঁ সীমান্তেও বেড়া দিতে এসেছিল বিএসএফ!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির বাধা মুখে ফিরে যায় তারা। বুধবার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান, নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬শ গজের মধ্যে কোনও দেশেরই বেড়া নেই। বুধবার সকালে বিএসএফের একটি দল প্রস্তুতি নিয়ে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে আসে। 

আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙ্গে কাঁটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় কাজ না করেই ফিরে যায় বিএসএফের সদস্যরা।

বিজিবির অধিনায়ক জানান, এ সমস্যার সমাধানে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তে বিজিবি সতর্ক আছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে টানা দুদিনের উত্তেজনার পর অবশেষে নির্মাণকাজ বন্ধ করেছে বিএসএফ। বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উভয়পক্ষের এ সমঝোতা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত