হবিগঞ্জের মাধবপুরে হাসান ভূঁইয়া নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ওই সাংবাদিক ও তার পরিবারের ওপর দুর্বৃত্তরা হামলা করেন। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসান ভূঁইয়া যমুনা টিভির সাবেক স্টাফ রিপোর্টার। বর্তমানে তিনি যায়যায় কাল ও সমাচার পত্রিকায় মাধবপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
জানা গেছে, উপজেলার চৌমুহনি ইউপির হাসিনাবাদ গ্রামে গতকাল বিকেলে দুর্বৃত্তদের বড় একটি গ্রুপ হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে সাংবাদিক হাসানসহ তার পরিবারের কয়েকজন আহত হন। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হামলার কারণে বাড়িঘরের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাংবাদিক হাসান ভূঁইয়া বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান এবং সাংবাদিকতা করি। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। এ হামলার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি করেছেন উপজেলা সাংবাদিক মহল।