ফরিদপুরের ভাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল ওহাব (৭০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের মৃত চিকিৎসক জালাল উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল ওহাবের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।
সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল বলেন, ওই গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন ওহাব। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।
তিনি বলেন, ‘গতকাল বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয়তলার ছাদে ওঠার দরজার পাশে পড়ে থাকা অবস্থায় ওহাবের লাশ উদ্ধার করি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে ছিল। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের সংশোধনের শুনানি ১৬ জানুয়ারি