দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য স্টিভেন স্মিথকে অধিনায়ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে নেতৃত্ব হারিয়েছিলন স্মিথ। এরপর বিভিন্ন সময়ে তিন সংস্করণ মিলিয়ে ১২টি ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে কয়েকমাস আগেই ছুটি চেয়ে রেখেছিলেন কামিন্স। আজ বৃহস্পতিবার ঘোষিত ১৬ সদস্যের দলে চারজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। অভিজ্ঞ নাথান লায়নের সঙ্গে আছেন টড মার্ফি, ম্যাট কুনেমান ও নতুন মুখ কুপার কনোলি। পার্ট টাইম স্পিনার হিসেবে ট্রাভিস হেড ও মারনাস লাবুশেন তো আছেনই। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে বাদ পড়া মিচেল মার্শের জায়গা হয়নি।
কিছুদিন ধরে গ্লেন ম্যাক্সওয়েলের টেস্টে ফেরার কথা শোনা যাচ্ছিল। কিন্তু শ্রীলঙ্কা সফরের দলে তার জায়গাও হয়নি। অভিষেকেই আলোচিত ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস এবং সিডনি টেস্টে ভালো পারফর্ম করা বো ওয়েবস্টার জায়গা ধরে রেখেছেন। আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিকেও ফেরানো হয়েছে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা কুপার কনোলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। পরের ম্যাচ ৬ ফেব্রুয়ারি থেকে। দুটি ম্যাচই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের ফাইনাল নিশ্চিত করে ফেলায় এই সিরিজটি হবে স্রেফ আনুষ্ঠানিকতা। এছাড়া ১৩ ফেব্রুয়ারি একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলবে দুই দল।
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, কুপার কনোলি, স্যাম কনস্টাস, নাথান ম্যাকসুয়েনি, টড মার্ফি, বো ওয়েবস্টার, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা ও ম্যাট কুনেমান।