৪৩তম বিসিএসের বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেসুর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জনপ্রশাসন সচিব বলেন, ‘যেই ২২৭ জন বাদ পড়েছে গোয়েন্দা রিপোর্টে তাদের বেশিরভাগই যোগ দিতে পারবে। এখন তাদের পুনর্বিবেচনার আবেদনের যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তারাই শুধু বাদ পড়বে। আগামী ১৫ জানুয়ারি ৪৩ বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন।
মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য। এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন। পরের বছর বেতন বৃদ্ধির সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’
আসন্ন বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, এ প্রশ্নের জবাবে মো. মোখলেসুর রহমান বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’
কোন মাস থেকে মহার্ঘ ভাতা ধরা হবে, ‘এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।’