গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কিশোরের মৃত্যু 

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিহত সাব্বির উপজেলার কালিদাস গ্রামের সৌদিআরব প্রবাসী মো. শফিক মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সাব্বির তার বন্ধু মিজানকে পেছনে বসিয়ে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি কালমেঘা-গাজীপুর সড়কের উপজেলার বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গজারি বনে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় চালক সাব্বির। আশেপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলে গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কালিদাস গ্রাম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমত অভিভাবকদের সচেতন হওয়া দরকার। কিশোরদের হাতে মোটরসাইকেল দেওয়া কোনোক্রমেই উচিত নয়।