এই সরকারের প্রতি সমর্থন কত দিন থাকবে জানি না: ফারুক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। তারা সচিবালয়েও বসে আছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের যে সিন্ডিকেট আওয়ামী লীগের আমলে ছিল, তাদের একজনকেও এখনও আইনের আওতায় আনতে পারেননি। সচিব, ডিসি, এসপিরা এখনও ড. ইউনূসের ঘাড়ে বসে আছে। সচিবালয়ে কেন আগুন? এগুলো এখনও উদঘাটন করতে পারেননি কেন?

তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। তাই অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোট দিতে পারবে। পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে।

তিনি আরও বলেন, দেশে এত ডিজিএফআই, এত এনএসআই, এত গোয়েন্দা সংস্থার লোক তারপরও ইউনূস সরকারের আমলে কেন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারছে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছি। সমর্থন দেব। তবে এ সমর্থন কত দিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা জানি না। তাই যারা কথাবার্তা বলছেন, ভেবে চিন্তে বলেন। ষড়যন্ত্রকারীদের সাহায্য করবেন না।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত