জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেওয়া চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।
শেখ হাসিনার ভিসা এক্সটেন্ড করার বিষয়ে হিন্দুস্তান টাইমসের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, কারও পাসপোর্ট বাতিল করা হলে সব দেশকে জানিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না।
জুলাই আন্দোলনে আহতদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষিয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুজন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন বলে তিনি জানান।