দিনাজপুরের বিরামপুরে গভীর নলকূপের পাশে আম গাছের ডাল থেকে মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টায় উপজেলার বিনাইল ইউনিয়নে শাহজাহানের গভীর নলকূপের পূর্ব পার্শ্বে আম গাছের ডাল থেকে মুদি ব্যবসায়ী মোশাররফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ।
এ সময় গভীর নলকূপের পূর্ব পার্শ্বে আম গাছে ঝুলন্ত লাশ ঘিরে শত শত মানুষের অবস্থান।মৃত মোশাররফ হোসেন (৩৫) বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কল্যাণপুর মৌজার রাধাপুর গ্রামের মৃত আ. ওয়াজেদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জামাল জানান, বুধবার রাত ৯টায় খাবার খেয়ে বাইরে যান মোশাররফ। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় রাত আনুমানিক ২টা পর্যন্ত খোঁজাখুঁজির পর ঘুমিয়ে যান পরিবারের সদস্যরা। পরের দিন বৃহস্পতিবার সকাল ৭টায় শাহজাহানের গভীর নলকূপের পূর্ব পার্শ্বে আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাকে খবর দেন। ইউপি সদস্য জামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরামপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।