তামিম-হেলস বাকবিতণ্ডা, কি ছিল মূল ঘটনা

রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের হাই-ভোল্টেজ ম্যাচ শেষেও উত্তেজনার রেশ যেন কাটছিল না। রংপুরের অবিশ্বাস্য জয় আর বরিশালের হতাশা—মাঠের আবেগ তখনও দুই দলের মাঝে প্রবল। তবে ম্যাচ-পরবর্তী করমর্দন পর্বে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। টিভি ক্যামেরায় দেখা গেল, উত্তেজিত তামিম ইকবাল তেড়ে যাচ্ছেন রংপুরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের দিকে। 

রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম তখন তামিমকে সরিয়ে নিচ্ছিলেন। তবে এই ঘটনাকে ঘিরে মাঠে আর কোনো ঝামেলা হয়নি। পুরস্কার বিতরণী মঞ্চেও এ নিয়ে আলোচনা হয়নি। সংবাদ সম্মেলনে দুই দলের কেউই এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। 

বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের বড় ভাই নাফিস ইকবাল জানান, ম্যাচের আবেগ এবং প্রতিপক্ষের মন্তব্য হয়তো তামিমকে এমন আচরণে বাধ্য করেছে। নাফিস বলেন, ‘উত্তেজিত হয়েছিল, এটা দেখেছি। সাধারণত ম্যাচ হারার পর ইমোশন অনেক ক্যারি করে। আশা করি, এটি তেমন কিছু নয়। তবে নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যেটির প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়েছে।’

বরিশাল দলীয় সূত্র জানায়, করমর্দনের সময় হেলস এমন একটি ভঙ্গি করেন, যা তামিমের কাছে অপমানজনক মনে হয়েছিল। তামিম তখন হেলসকে বলেন, ‘কিছু বলার থাকলে সরাসরি মুখে বলো... এই ভঙ্গি কেন?’ উত্তরে হেলস কিছু বললে, তামিমও পাল্টা জবাব দেন। এখান থেকেই উত্তপ্ত হয় পরিস্থিতি। তবে ঘটনাটি ম্যাচ রেফারির পর্যায়ে যায়নি এবং কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি দুজনের। 

এ বিষয়ে তামিমের কোনো মন্তব্য পাওয়া না গেলেও অ্যালেক্স হেলস এক টেলিভিশনকে বলেছেন, ‘তামিম আমার কাছে এসে বললেন আমি যদি কিছু বলতে চাই তাহলে যেন সরাসরি বলি। কিন্তু আমি তাকে কিছু বলিনি। ২০২১ সালে বিয়ার পানের কারণে আমি ৩ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। তিনি সেই প্রসঙ্গ টেনে এনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটি সত্যিই লজ্জার।’