চট্টগ্রাম

সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী বোরহান গ্রেপ্তার

চট্টগ্রাম নগর পুলিশের 'মোস্ট ওয়ান্টেড' ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী মোহাম্মদ বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায়  চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে একাধিক মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী বোরহানকে গ্রেপ্তার করেছি। আশা করছি শিগগিরই মোস্ট ওয়ান্টেড ছোট সাজ্জাদকেও আমরা ধরতে পারবো। অভিযান অব্যাহত আছে।’

পুলিশ জানায়, সাজ্জাদ ও তার বাহিনী চট্টগ্রাম নগরে একের পর খুন করে যাচ্ছে।  কিন্তু তাকে ধরতে পারছে না পুলিশ। গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় সাজ্জাদ। তার গুলিতে পুলিশের দুই সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছিলেন।

এর আগে ২১ সেপ্টেম্বর বিকেলে চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ এলাকায় স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে (২৭) গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। ১৮ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুল এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেনসহ আরও দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

গত বছরের ২৯ আগস্ট বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করে সাজ্জাদ। একই বছরের ৫ জুলাই বায়েজিদ বোস্তামী থানার বুলিয়াপাড়া এলাকার একটি বাসায় গুলি করে সাজ্জাদ তার সহযোগীরা। এর আগে ২৭ অক্টোবর চাঁদা না পেয়ে দলবল নিয়ে হাছান নামের এক ঠিকাদারের চান্দগাঁও হাজীরপুল এলাকার বাসায় গিয়েও গুলি করে সাজ্জাদ। 

পুলিশ জানায়, সাজ্জাদ চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার মূর্তিমান আতঙ্ক। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর এলাকার মো. জামালের ছেলে। সাজ্জাদ চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘটিত আলোচিত এইট মার্ডার মামলার মৃত্যুণ্ডাদেশপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী খানের সহযোগী।