স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। ম্যাচটি খেলতে মাঠে নামার আগে সুসংবাদ পায় বার্সেলোনা। দানি ওলমো ও পাউ ভিক্টরকে পেতে আইনি লড়াইয়ে আছে কাতালান ক্লাবটি। লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বার্সেলোনার মামলা প্রক্রিয়া চলমান থাকায় এই দুজনকে অস্থায়ী নিবন্ধনের অনুমতি দিয়েছে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্স ফ্লিক বললেন, ওলমো ও ভিক্টরের জন্য জিততে চেয়েছিল তার ক্লাব। ফ্লিক বলেন, ‘আমি মনে করি, ম্যাচের আগে এটা (ওলমো ও ভিক্টরের বিষয়) আমাদের জন্য ভালো বার্তা ছিল। আমরা একটি দল এবং আমরা দানি ওলমো ও পাউ ভিক্তরের জন্য জিততে চেয়েছিলাম, দলের জন্যও।’