বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কেউ যদি আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ তা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। ৫ আগস্টের পর দেশ-বিদেশ থেকে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী আধিপত্য ফিরে পেতে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আগত স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা)ও যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, ও মোস্তাফিজুর রহমান জাহিন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে নিয়ে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে প্রাচীর নির্মাণের চেষ্টার উদ্বেগ ও প্রতিবাদ জানান।
মাজারে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. জাহেদুল কবির, সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম তপুসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।