ছেলেকে ধরতে গেল পুলিশ, আতঙ্কে বাবার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে সুমন আলী নামের এক আসামিকে ধরতে পুলিশি অভিযানের সময় আতঙ্কিত হয়ে তার বাবার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার। এর আগে মঙ্গলবার রাতে রাধানগরের খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম (৫০) খড়কাডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।

পুলিশ ও সুমনের পারিবারিক সূত্র জানিয়েছে, খড়কাডাঙ্গা গ্রামে একটি মারামারির ঘটনায় প্রতিবেশীর করা মামলার আসামি সুমন আলী। মঙ্গলবার রাত ১টার দিকে গোমস্তাপুর থানা-পুলিশের একটি দল সুমনকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে পুলিশের অভিযানের খবরে সুমনের বাবা তরিকুল ইসলাম আতঙ্কিত হয়ে ঘরের পাশের গোয়ালঘরে আশ্রয় নেন। পরে সেখানেই তিনি মারা যান।

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, অভিযানের সময় সুমনের বাবা তরিকুল ইসলাম আতঙ্কিত হয়ে পালিয়ে গোয়ালঘরে অবস্থান নেওয়ার একপর্যায়ে মারা যান। তিনি হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।