ময়মনসিংহে কাওয়ালি আসর ও মাজারে হামলা-ভাঙচুর

ময়মনসিংহে হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহর মিলাদ মাহফিল, সামা কাওয়ালি অনুষ্ঠান ও মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত বুধবার রাতে নগরীর থানার ঘাট মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ অনুষ্ঠানে ভাঙচুর চালায়। এ সময় মঞ্চ ও শতাধিক চেয়ার এবং সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়।

কাওয়ালি অনুষ্ঠানের শিল্পী মিজান বাউলা বলেন, ‘৪৫ বছর ধরে মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। কোনো দিন এমন হয়নি। আমি যখন ইসলামিক গান পরিবেশন করছিলাম, তখন একদল লোক এসে হামলা চালায়। হামলায় আমাদের দুই-তিনজন আহত হয়েছে।’

এ বিষয়ে জামিয়া ফয়জুর রহমান মাদ্রাসার নায়েবে মুহতামিম সারোয়ার হোসেন বলেন, ‘কাওয়ালি অনুষ্ঠানে নারী ও পুরুষ একসঙ্গে নাচ-গান করছিল। এ ঘটনায় ক্ষুব্ধ মুসল্লি ও ছাত্ররা মিলে হামলা চালিয়েছে।’ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, মাদ্রাসার ছাত্ররা কাওয়ালির মঞ্চ ও মাজারে ভাঙচুর চালিয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।