কিশোরগঞ্জে পাগলা মসজিদে দান করা একটি আম নিলামে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল শুক্রবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। আমটি কিনেছেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।
ক্রেতা মাওলানা মাসুম বিল্লাহ বলেন, ‘মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতে বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।’ মুসল্লি শফিকুল ইসলাম বলেন, পাগলা মসজিদে দান করা সব কিছু জুমার নামাজের আগে নিলামে বিক্রি করা হয়। এতে অংশ নিয়ে মহল্লার মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।