নাম না করে হাথুরু-সাকিবকেই দায়ী করলেন তামিম

দীর্ঘ নাটকীয়তার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল। এরই সঙ্গে শেষ হলো পঞ্চ পাণ্ডবের অন্যতম এই সদস্যের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে তামিমের ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল। অবিশ্বাস্যভাবে বাদ পড়েছিলেন সেই বিশ্বকাপ থেকে। বিদায় বেলায় তামিম সে কথা ভোলেননি।

এর কয়েকমাস আগে হুট কর অবসর ঘোষণা করে আবার ফিরে আসেন তামিম। তবে ছাড়েন অধিনায়কত্ব। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে নেতৃত্ব পান সাকিব আল হাসান। তিনি এবং তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে মিলে পরিকল্পনা সাজান, তামিমকে মিডল অর্ডারে খেলানোর। এতে সায় দেন তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও।

ক্যারিয়ারজুড়ে ওপেন করে যাওয়া তামিম এই শর্তে রাজি হননি। এরপর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগমুহূর্তে একটি টিভি চ্যানেলে বিস্ফোরক সাক্ষাৎকার দেন সাকিব, যাতে তামিমকে নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ করতেও তিনি ছাড়েননি। তামিমও ভিডিওবার্তায় নিজের অবস্থান ব্যক্ত করেন। এসব কার্যকলাপের মাঝে বিশ্বকাপে গিয়ে ইতিহাসের সবচেয়ে বাজে পারফর্মেন্স করে বাংলাদেশ।

সাকিব স্বীকার করতে বাধ্য হন, মাত্র দুটি ম্যাচে জয় পাওয়া বিশ্বকাপই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ। এছাড়া তামিম ইস্যুতে ড্রেসিংরুমে নেতিবাচক পরিবেশের সৃষ্টি হয়েছে বলেও তিনি স্বীকার করেন। তারপর থেকেই বড় প্রশ্ন ছিল- তামিম আর দেশের হয়ে খেলবেন কিনা? এক বছরেরও বেশি সময় পর মিলল সেই প্রশ্নের জবাব। এর মাঝে বিসিবি তার সঙ্গে দফায় দফায় মিটিং করেছে।

ফেসবুকে বিদায়ী স্ট্যাটাসে সেই ২০২৩ বিশ্বকাপের প্রসঙ্গও টেনেছেন তামিম। নির্দ্বিধায় বলেছেন, সেটা তার জন্য বড় ধাক্কা ছিল, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান।’