পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের এশিয়া কাপের আগে হবে এই টুর্নামেন্ট। এ বিষয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শুধু এই সিরিজ আয়োজনই নয়, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সূচি নিয়েও বড় সুখবর আসতে চলেছে বলে দাবি বিসিবির। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন বোর্ড সভাপতি সভাপতি তামিম ইকবাল।
সে কপ্তহা জানাতেই আজ মিরপুরে সংবাদ সম্মেলনে করেন তামিম। সেখানে এক প্রশ্নের জবাবে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা সম্পর্কে বলেন, 'সম্প্রতি এ বিষয়ে কথা হয়েছে। এশিয়া কাপের ঠিক আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে আমি একটি প্রস্তাব দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারি কি না। এটিএশিয়া কাপের আগে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড থেকেই বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে যেহেতু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তাই আমরা এটিকে নিশ্চিত বলে ঘোষণা করতে পারছি না। তবে এশিয়া কাপের ঠিক আগে যদি আমরা এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারি, তাহলে সেটি আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে এবং দর্শকদের জন্যও বেশ আকর্ষণীয় হবে।'
২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের পরবর্তী আসর। টুর্নামেন্টটির আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দুই শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পেলে সেটি বাংলাদেশের প্রস্তুতিতে বাড়তি মাত্রা যোগ করবে বলে বিশ্বাস বিসিবির। এর বাইরে বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন তামিম। সেখানে বৈশ্বিক ক্রিকেটের সূচি, সদস্য দেশগুলোর দ্বিপক্ষীয় সিরিজ এবং আগামী বছরগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে ভারত দলের স্থগিত সফর এবং বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি করা।
ভারত দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে বিসিবিকে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত হয়। পরে ২০২৬ সালের সেপ্টেম্বরে নতুন করে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হলেও সেটিও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। দুই বোর্ডের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকলেও নতুন কোনো তারিখ চূড়ান্ত হয়নি। ভারত সফরের বিষয়ে তামিম বলেন, 'এবারও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবে এখনো এটি আলোচনার পর্যায়েই রয়েছে। আশা করি, যখনই আপনাদের জানানোর মতো কোনো অগ্রগতি হবে, আপনারাই সবার আগে জানতে পারবেন।'
ভারতের পাশাপাশি অন্য বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বিপক্ষেও বাংলাদেশের খেলার সুযোগ বাড়াতে চায় বিসিবি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে একাধিক দেশের অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজন করলে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ তৈরি হতে পারে। তামিমও ভবিষ্যতে এমন আয়োজন বাড়ানোর ব্যাপারে আশাবাদী।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব নয়। তবে যেভাবে আলোচনা ও পরিকল্পনা এগোচ্ছে, তাতে আশা করি সবাই সন্তুষ্ট হবেন। আমি আশাবাদী, ভবিষ্যতে আরও বেশি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হবে। পাশাপাশি বড় বড় ক্রিকেট খেলুড়ে দেশের বিপক্ষে আরও বেশি সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সুযোগ তৈরি হবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।'
সম্প্রতি বালিতে আইসিসির সভায় ২০২৭-২৯ ও ২০২৯-৩১ মেয়াদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই চক্র এবং ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির বড় টুর্নামেন্টগুলোর সূচি নিয়েও আলোচনা হয়েছে। এসব পরিকল্পনার সঙ্গে সমন্বয় করেই সদস্য দেশগুলোকে নিজেদের ভবিষ্যৎ আন্তর্জাতিক সূচি সাজাতে হবে। সাদা বলের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের ম্যাচের সংখ্যা ও প্রতিপক্ষের মান বাড়াতে চায় বিসিবি। বিশেষ করে বড় টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ তৈরি করা নিয়ে আলোচনা চলছে বলে দাবি তামিমের, 'এ বিষয়েও অনেক আলোচনা চলছে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পরিকল্পনা ও আলোচনা রয়েছে। এমনকি চার দিনের টেস্ট ম্যাচ আয়োজন করা যায় কি না, সেটিও আলোচনায় রয়েছে। আমি আশা করি, ভবিষ্যতের ম্যাচগুলোর সূচি যখন আপনারা দেখতে পাবেন, তখন আপনারা যথেষ্ট সন্তুষ্ট হবেন।'