মুন্সীগঞ্জের সেই যুবদল নেতা বহিষ্কার

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। পেশীশক্তি প্রদর্শন করে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

আজ শনিবার সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ প্রসঙ্গে জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা বলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রক্কত ও জীবনের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশে আমরা ও আমাদের দল কোনও অন্যায়কে প্রশয় দেব না।