কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আকারে ছোট বিমানটিতে দুজন ক্রু এবং ৮ জন যাত্রী ছিলেন।
এ বিষয়ে অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী উদ্ধার কাজ করছে।
এদিকে প্যাসিফিকা ট্রাভেল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকবে। বিমান দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে, যারা মেডেলিন বিমানবন্দরে জড়ো হয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে।