কাল আরও কিছু পরীক্ষা হবে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামীকাল সোমবার হতে পারে। গতকাল শনিবার লন্ডনে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে ডা. জাহিদ দেশ রূপান্তরকে বলেন, ‘যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করার পর চেয়ারপারসনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন সেখানকার চিকিৎসকরা। কিছু পরীক্ষার রিপোর্ট তারা দেখেছেন। এরপর আরও কিছু পরীক্ষা করবেন তারা। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর আগামীকাল সেসব পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ক্লিনিকের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করবেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়া ক্লিনিকে ভর্তি হলেও বাসা থেকে নেওয়া খাবার খাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটাচ্ছেন। পাশাপাশি দেশের খোঁজখবরও রাখছেন।’

গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।