সৌদি আরবের জেদ্দায় আজ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে হচ্ছে এল ক্লাসিকো। গেলবার এই টুর্নামেন্টের ফাইনালে রিয়াল ৪-১ গোলে হারিয়েছিল বার্সাকে। তবে এই দুই দলের সবশেষ দেখায় জয় পায় হান্স ফ্লিকের দল। সুপার কাপ ফাইনালের আগে রিয়াল কোচ আনচেলত্তি বললেন, আমরা ক্ষুধার্ত।
এবার সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে সহজেই জিতেছে লস ব্লাঙ্কোসরা। দলের খেলোয়াড়রাও ফিট আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে অপরাজিত, আর টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে বার্সার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। আমরা ক্ষুধার্ত এবং উৎফুল্ল। আমাদের সব খেলোয়াড় সুস্থ আছেন। ফাইনাল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ঐতিহাসিকভাবেই বার্সেলোনা আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী। এই ধরনের ম্যাচ দুই দলের জন্যই কঠিন হয়। আরেকটি ট্রফি জিততে যা কিছু সম্ভব সবই করব।’
গেল বছরের অক্টোবরে লিগ ম্যাচে বার্নাব্যুতে রিয়াল ও বার্সার ম্যাচে প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। তবে দ্বিতীয়ার্ধে তারা হজম করে চারটি গোল। সেটি ছিল এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো। আনচেলত্তি বলেন, ‘মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তারা আমাদের হারিয়েছিল। প্রথমার্ধে আমরা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভুল করেছিলাম। এল ক্লাসিকোতে সব সময়ই চাপ থাকে, ফাইনাল হলে সেটি আরও বেশি। তবে বার্সেলোনার বিপক্ষে ফাইনাল মানে বিশেষ কিছু।’ আনচেলত্তির মতে সুপার কাপ জিতলে মৌসুমের বাকি পথে দল চাঙ্গা থাকবে।
বার্সেলোনা ফাইনালে খেলাতে পারে দানি ওলমোকে। তাই আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। উত্তরে রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘(যদি ওলমো খেলেন) আমাদের চেষ্টা করতে হবে দারুণ প্রতিভাবান একজন ফুটবলারকে থামানোর।’ রিয়াল মাদ্রিদ এই মৌসুমে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে। মৌসুমের তৃতীয় শিরোপা থেকে এক জয় দূরে লস ব্লাঙ্কোসরা।
সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা ২-০ গোলে হারায় আথলেটিক বিলবাওকে। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করে কাতালান ক্লাবটি। বার্সেলোনার কোচ হান্স ফ্লিক বলছেন, ফাইনালে রিয়ালের বিপক্ষে জিততে হলে আরও ভালো খেলতে হবে তার দলকে। ‘আথলেটিকের বিপক্ষে যেভাবে খেলেছি তার চেয়ে আরও ভালো খেলতে হবে আমাদের। (আগের ম্যাচে) আমরা অনেক ভুল করেছি। মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব। প্রতিপক্ষ দলের যে কোনো ভুল থেকে তারা দারুণ সুযোগ নিতে পারে।’ ফ্লিকও বলেছেন সুপার কাপ জিতলে সেটি বাড়তি অনুপ্রেরণা জোগাবে বার্সার খেলোয়াড়দের মৌসুমের বাকি সময়ে।
২০২৩ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দলও (১৪ বার চ্যাম্পিয়ন) তারা। রিয়াল মাদ্রিদ জিতেছে ১৩ বার। তবে আজ জিতলে বার্সেলোনার পাশে বসবে রিয়াল মাদ্রিদ।