গত ২৫ বছরের ইতিহাসে কোনো নারী টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি। এবার সেই কীর্তি গড়ার সুযোগ রয়েছে গত দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার সামনে। আসর শুরুর দিনেই কোর্টে নেমে ২০১৭ ইউএস ওপেনজয়ী স্লোয়েন স্টিফেনসকে হারিয়ে শুভ সূচনা করেছেন সাবালেঙ্কা।
নারী টেনিসের নাম্বার ওয়ান তারকা ৭১ মিনিটের ম্যাচটি জিতে নেন ৬-৩ ও ৬-২ গেমের সরাসরি সেটে। রড লেভার অ্যারেনার রাতের সেশনের প্রথম রাউন্ডের এ ম্যাচশেষে বেলারুশ তারকা জানান, ‘সম্ভবত আমি আমার সেরাটা খেলতে পারিনি। এর পরও এখানে ফিরে আসতে পেরে আমি খুশি।’
সবশেষ অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন কিংবদন্তি মার্টিনা হিঙ্গিস। ১৯৯৭-১৯৯৯ আসরে এ কীর্তি গড়েছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে সাবালেঙ্কা মুখোমুখি হবেন স্পেনের জেসিকা মানেইরোর।