৫ ম্যাচে ৩ ফিফটি, ক্যারিয়ারসেরা ইনিংস জাকিরের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

এবারের বিপিএলে সবচেয়ে দুর্দশাগ্রস্ত দুটি দলের একটি হলো সিলেট স্ট্রাইকার্স। হাঁপাতে থাকা দলটিকে প্রতি ম্যাচেই অক্সিজেন দিয়ে যাচ্ছেন একজন- জাকির হাসান। এ কিপার ব্যাটারের কল্যাণে শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে এসে ঢাকার বিপক্ষে জয় পায় সিলেট। ওই ম্যাচের পর আজ খুলনার বিপক্ষেও ফিফটি হাঁকিয়েছেন জাকির। খেলেছেন টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারসেরা ইনিংস। সিলেট তুলেছে ৫ উইকেটে ১৮২ রান।

আজ চার নম্বরে ব্যাটিংয়ে নেমে জাকির খেলেন ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস। ১৬৩ স্ট্রাইক রেটে হাঁকান ৬টি ছক্কা, ৩টি চার। এতোদিন জাকিরের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৭০ রানের। গত বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ওই ইনিংসটি। আজকের ইনিংসে পরে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন জাকির। ৫ ইনিংসে তার উইলো থেকে এসেছে ২২৬ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। ১৫ রানে ২ উইকেট হারানো সিলেট দিশা পায় জাকির-রনির ১০৬ রানের জুটিতে। ৫ চার ২ ছ্ক্কায় ৪৪ বলে ৫৬ করে রনি তালুকদার আউট হলে ভাঙে এ জুটি। তার আগেই ২৯ বলে ছক্কা হাঁকিয়ে আসরের তৃতীয় ফিফটি করেন জাকির। এর পর অ্যারন জোনসের সঙ্গে গড়েন ১১ বলে ২৯ রানের জুটি। আর অধিনায়ক আরিফুলের সঙ্গে গড়া তার অবিচ্ছিন্ন জুটিতে আসে ২২ বলে ৩২ রান। 

এ নিয়ে এবারের আসরের ৫ ম্যাচের ৩টিতেই ফিফটি করলেন জাকির। মাঝে প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৮ ও তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে ২৫ রানে ফিরেছিলেন তিনি। সিলেটের দ্বিতীয় ম্যাচটিও ছিল রংপুরের বিপক্ষে। সেই ম্যাচে ৪ ছক্কায় ৩৮ বলে ৫০ রান করেন জাকির। সবশেষ ম্যাচে ৭ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫৮ রানের মাচ জেতানো ইনিংস উপহার দেন এ কিপার-ব্যাটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত