শেষ ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ১৯ রান। আবু হায়দার রনির দুটি চার ও মাহিদুল অঙ্কনের লড়াই সত্ত্বেও আট রানের জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। টানা তিনটি হার দিয়ে বিপিএল শুরু করলেও এখন টানা দ্বিতীয় জয় পেল সিলেট।
শেষ ওভারে রুয়েল মিয়ার প্রথম বলেই সিঙ্গেলস নেন অঙ্কন। পরের দুই বলে টানা দুটি চার মারেন রনি। কিন্তু তৃতীয় বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন ছয় বলে ১৪ রান করা এই অলরাউন্ডার। বাকি দুই বলে ১০ রান লাগলেও নাসুম আহমেদ ও অঙ্কন সুবিধা করতে না পারায় ম্যাচ বের করে নেয় সিলেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে মাত্র ২১ রান তোলে সিলেট। যা চলতি আসরের পাওয়ার প্লেতে সর্বনিম্ন রান। তবে রনি তালুকদার ও জাকির হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ২৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করা রনি ও জাকির মিলে ১০৬ রানের জুটি গড়েন।
৪৪ বলে ৫৬ রান করা রনিকে ফিরিয়ে জুটি ভাঙেন আবু হায়দার রনি। এরপর জাকির ৪৬ বলে ৭৫* রানে অপরাজিত থেকে সিলেটকে ১৭৭ রানে পৌঁছে দেন। আরিফুল হকও যোগ করেন ১৩ বলে অপরাজিত ২১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তোলে খুলনা, কিন্তু হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। পরে উইলিয়াম বসিস্তোর ৪৮ রানের ইনিংস এবং মোহাম্মদ নাওয়াজের ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস দলকে জয়ের কাছে নিয়ে যায়। শেষ দিকে অঙ্কনের ১৬ বলে ২৮ রানের লড়াইও যথেষ্ট হয়নি।
সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব, রিস টপলি ও রুয়েল মিয়া দুটি করে উইকেট নেন।