সরকারি কর্মকর্তাদের তেল মারা বন্ধের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে একটি বেসরকারি ব্যাংকের (ঢাকা ব্যাংক) কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি স্থানীয় ৩০ জন কৃষকের মাঝে শ্যাল মেশিন ও ট্রাক্টর বিতরণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে আরও অগ্রসর হতে হবে সাংবাদিকদের। আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোনো আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। আপনারা যে যে দলের হোন না কেন, আমি এসপি সাহেবকে অনুরোধ করবো, যদি আমার ভাইও হলে ছাড় দেবেন না।
তিনি আরও বলেন, 'আমি ওই সরকারি কর্মকর্তাদের বলবো—আপনারাও তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে যে আসবে পড়ে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। এই হইলো আপনাদের সবচেয়ে বড় সুযোগ। আপনারা কোন অবস্থায় ছাড় দেবেন না।