ড্যানিয়েল আমাহ নাইজেরিয়ার একজন পুলিশ কর্মকর্তা। ২০২২ সালে দুই লাখ ডলার ঘুষ প্রত্যাখ্যান করে বিশ্বব্যাপী তিনি বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
২০২২ সালে একটি সশস্ত্র ডাকাতির মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় তাকে। ডাকাত চক্র তাকে দুই লাখ ডলার ঘুষের বিনিময়ে তদন্তে হেরফের করতে বলে। তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। এতে তিনি প্রশংসিত হন। এমন অসাধারণ সততার কারণে তিনি নাইজেরিয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কর্র্তৃক প্রদান করা ‘ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড’ অর্জন করেন। সেই সঙ্গে তাকে সহকারী কমিশনার অব পুলিশ (এএসপি) পদে পদোন্নতিও দেওয়া হয়। নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির মিডিয়া উপদেষ্টা বশির আহমদ তার ইসলাম গ্রহণের খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তিনি লেখেন, ‘ড্যানিয়েল আমাহ ২০১৮ সাল থেকে আমার পরিচিত। তিনি নাইজেরিয়ার সবচেয়ে সৎ ও ন্যায়পরায়ণ পুলিশ কর্মকর্তাদের একজন।’ তিনি আরও যোগ করেন, ‘২০২২ সালে আমাহ আইজিপি পুরস্কার লাভ করেন, কারণ তিনি সশস্ত্র ডাকাতদের দেওয়া দুই লাখ ডলারের ঘুষ প্রত্যাখ্যান করেছিলেন।’
ড্যানিয়েল আমাহের ইসলাম গ্রহণের ঘটনা বিশ্ব জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তকে প্রশংসার চোখে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘মানুষ যত বেশি ইসলামের সৌন্দর্য দেখছে, ততই এটিকে গ্রহণ করছে।’ ড্যানিয়েল আমাহের ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কানোর এমিরের প্রাসাদে। এই প্রাসাদটি নাইজেরিয়ার অন্যতম ঐতিহাসিক ইসলামিক কেন্দ্র হিসেবে পরিচিত।
ড্যানিয়েল আমাহ শুধু একজন সৎ পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন আদর্শ নাগরিকও। তার সততা ও ন্যায়পরায়ণতার কারণে তিনি নাইজেরিয়ার যুবসমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। ঘুষ প্রত্যাখ্যানের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, সৎ থাকার পথ কষ্টসাধ্য হলেও সেটিই মানুষের প্রকৃত মর্যাদা অর্জনের মাধ্যম।
সততার জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জনকারী এই পুলিশ কর্মকর্তা ইসলাম গ্রহণ করে তার ব্যক্তিগত বিশ্বাস এবং নতুন জীবনের যাত্রায় যে সাহস দেখিয়েছেন, তা নিশ্চিতভাবেই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
আর তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বিশ্বব্যাপী মানুষদের ইসলামের প্রতি আকৃষ্ট হতে অনুপ্রেণরা জোগাবে।
সূত্র : লেজিট ডট এনজি