পাওনা ১৫০০ টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামে দুই কেজি গরুর মাংসের টাকা চাওয়ায় দেনাদারের ছুরিকাঘাতে পাওনাদার যুবক নিহতের ঘটনা ঘটেছে।

রবিবার (১২ জানুয়ারি ) রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় আল-আমিন (২৫) নামের যুবক প্রতিপক্ষের ধারালো ছুরিকাঘাতে নিহত হন। 

নিহত আল-আমিন স্থানীয় পশ্চিম রানা খড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে। 

স্থানীয় সুত্রে জানা যায়, আল আমিনের পিতা রবিউল সরদার একজন মাংস বিক্রেতা। একই এলাকার আসাদুল নামের এক ব্যক্তির কাছে ২ কেজি মাংসের দাম বাবদ ১৫শ টাকা পাওনা ছিল রবিউল সরদারের। রোববার সন্ধ্যায় সেই পাওনা টাকা চাইতে গেলে আসাদুল ও তার দুই ছেলে আকাশ এবং আকুলসহ বেশ কয়েকজন মিলে আল আমিনকে ধরে মারধর করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখমসহ গুরুত্বর আহত হয় আলামিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আল আমিন মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এঘটনায় এখনও কোনো মামলা হয়নি বা কাউকে পুলিশ আটক করতে পারেনি।