ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি। তবে সেই সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বিএনপির একাংশের আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আগামী ১৮ জানুয়ারি জেলা বিএনপির সম্মেলনের তারিখ করা হয়েছে। একটি পক্ষ বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে দল ভারী করে প্রহসনের সম্মেলন করার পাঁয়তারা করছে। তারা পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে, তা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তারা দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ত্যাগীদের নিয়ে একটি পরিচ্ছন্ন ভোটার তালিকা হালনাগাদ করে সম্মেলন করার দাবি জানান। এ বিষয়ে কেন্দ্র থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে আগামী ১৬ জানুয়ারি আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমরা ১৪টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিটের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছি। যে ৬টি ইউনিট নিয়ে আপত্তি ছিল এগুলোর তালিকাও শেষ হয়েছে। যেকোনো মুহূর্তে তালিকা প্রকাশ করা হবে।
একটা পক্ষের তো কত আপত্তিই রয়েছে। আগামী ১৮ জানুয়ারি সম্মেলন হবে বলে জানান তিনি।