গত বছর ২১৮৪ কোটির চোরাচালান পণ্য জব্দ

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক বছরে ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভার, ৫২টি সব ধরনের গান, ৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ কেজি ৪৪ গ্রাম গান পাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

এ ছাড়া ২০২৪ সালে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৮৮ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশি নাগরিক, ১৫৫ জন ভারতীয় নাগরিক এবং ১৪ হাজার ৩৩৬ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রৌপ্য, শাড়ি, থ্রি-পিস/লেহেঙ্গা/তৈরি পোশাক, কসমেটিকসসামগ্রী, চিনি, চা পাতা, পেঁয়াজ, রসুন, জিরা, মাছ, সুপারি, কাঠ, পাথর, কয়লা, ইমিটেশন গহনা, কষ্টিপাথরের মূর্তি, সাপের বিষ, তিমির বমি (অ্যাম্বারগ্রিস), কারেন্ট জাল, বিড়ি ও সিগারেট, সার, ডিজেল/পেট্রোল/অকটেন, মোবাইল ডিসপ্লে, চশমা, চকলেট, বিস্কুট, কীটনাশক, কচ্ছপের হাড়, আতশবাজি, ট্রাক/কাভার্ড ভ্যান, বাস, প্রাইভেট কার/মাইক্রোবাস, পিকআপ, সিএনজি/ইজিবাইক, মোটরসাইকেল এবং বাইসাইকেল।

এ ছাড়া গত বছর বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।