নৌপরিবহন উপদেষ্টা বললেন

রামগড় বন্দরে দেশের লাভ নিরূপণে কমিটি হবে

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। গতকাল রবিবার রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন।

উপদেষ্টা আরও বলেন, ভারত চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কি না এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে।

রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কী হবে তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান তিনি।