এবার শাস্তির মুখে তানজিম সাকিব

খুলনার বিপক্ষে গতকাল আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পায় সিলেট স্ট্রাইকার্স। তবে এ ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেতে হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। একই সঙ্গে পেয়েছেন ৩টি ডিমেরিট পয়েন্টও।

দ্বিতীয় ইনিংসে খুলনার ব্যাটিং চলাকালে ১৯তম ওভারে ঘটে এ ঘটনা। খুলনার পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নাওয়াজকে আউট করার পর তার দিকে এগিয়ে গিয়ে ধাক্কা দেন তানজিম। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে। পরে পরিস্থিতি সামাল দেন মাঠের আম্পায়ার এবং সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক জর্জ মানসি।

ম্যাচ রেফারি এহসানুল হক সেজানের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে তানজিম সাকিবকে শাস্তি দিলেও বেঁচে গেছেন নাওয়াজ। এর আগে জাতীয় দলের হয়ে বাজে আচরণের কারণে তাকে জরিমানা করেছিল আইসিসি।