কাতালানদের ‘আরব্য রজনী’ জয়

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:০২ এএম

ফুটবলের বিস্ফোরণ ঘটানোর অংশ হিসেবে সৌদি আরবে বসছে কত বড় আয়োজন। তেমনি একটি স্প্যানিশ সুপার কাপ। যার ফাইনালে গতরাতে মুখোমুখি হয় বিশ্বের দুই নামী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এমন দুই ক্লাবের খেলা মাঠে বসে দেখতে পারাটাই ফুটবলপ্রেমীদের কাছে বিনোদনের খোরাক। আর সেই ম্যাচে যদি ৭টি গোল, তাহলে তো দর্শকরা সোনায় সোহাগা। বিনোদনের গল্পে অধ্যায় বাকি আরও। শুরুতেই গোল হজম করা আর শেষ ৪০ মিনিট ১০ জনের দলে পরিণত হয়েও বার্সেলোনা ম্যাচটি জিতে নিয়েছে ৫-২ গোলে। 

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে উত্তেজনার ‘এল ক্লাসিকো’ জিতে নিয়ে ১৫তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন বার্সার ফুটবলাররা। অথচ কিছু দিন আগেই হারতে হারতে হাঁপিয়ে উঠেছিল দলটি। কোচ হানসি ফ্লিকের চাইতে হয়েছিল ‘বিশ্রাম’। সেই ফ্লিক বার্সার কোচ হিসেবে প্রথম ফাইনাল খেলতে নেমেই পেলেন শিরোপা স্বাদ। অথচ ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোল হজম করতে হয়েছিল কাতালানদের। মাঝ মাঠে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে ঝড়ের বেগে বার্সার বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করে জাল ভেদ করেন কিলিয়ান এমবাপ্পে।

তবে প্রথমার্ধের শেষ ৩০ মিনিটের মধ্যে সেই গোল শোধ করেই থামেনি বার্সা। গুণে গুণে এক হালি গোল দেয় রিয়ালের জালে। শুরু করেন ১৯ মিনিটে লামিন ইয়ামাল। এরপর গোলদাতার তালিকায় নাম ওঠান রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও আলেহান্দ্রো বালদে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনহা পান নিজের দ্বিতীয় ও বার্সার পঞ্চম গোলের দেখা।

 ৫৬ মিনিটে বক্সের বাইরে এসে বার্সার পোলিশ গোলরক্ষক ভোইচেখ শেজনি স্লাইডিং ট্যাকেল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সার সামনে তারপরও আধিপত্য দেখাতে পারেনি রিয়াল। শুধু ৬০ মিনিটে রদ্রিগো একটি গোল শোধ করেন। স্মরণীয় আরেকটি এল ক্লাসিকোয় গত অক্টোবরের মতো জয় পেল বার্সা। সেই সঙ্গে জিতেছে মৌসুমের প্রথম শিরোপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত