কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৮ নম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের তালা প্রায় ৯ দিন পরে ভেঙে দিয়েছেন নারীরা। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১১ টার দিকে হাতুড়ি দিয়ে তালা ভাঙেন সেবা প্রত্যাশীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে চেয়ারম্যানের বাড়িতে যান এবং চেয়ারম্যানকে ডেকে পরিষদে এনে সেবা নেন।
দুপুর ১২ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, পরিষদ চত্বরের বাইরে ও ভেতরে শত শত নানা বয়সী নারী। চেয়ারম্যান কক্ষে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছেন গ্রাম পুলিশ। আর পরিষদের বারান্দায় বসে জন্ম নিবন্ধনের সনদে স্বাক্ষর করছেন চেয়ারম্যান মিজানুর রহমান। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন নারীরা।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক নারী বলেন, মিথ্যা দোষে একটি পক্ষ চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়েছিল। সে জন্য চেয়ারম্যান পথে ঘাটে, বনে বাগানে বসে সই সাক্ষর করছিল। অনেকে পরিষদে এসে ফিরে যাচ্ছিলেন। এতে চরম ভোগান্তি হচ্ছিল। সে জন্য হাতুড় দিয়ে কার্যালয়ের তালা ভেঙে তারা চেয়ারম্যানকে বাড়ি থেকে পরিষদে ডেকে এনেছেন।
যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ষড়যন্ত্র করে কে বা কাহারা রাতে পরিষদ চত্বরে ছাত্রলীগের কেক কেটেছিল। সে জন্য বিএনপির লোকজন কার্যালয়ে তালা লাগিয়ে ছিলেন। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। তাই সোমবার শত শত সেবা প্রত্যাশী নারীরা তালা ভেঙে তাকে পরিষদে নিয়ে এসেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ জানুয়ারি রাতে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর প্রতিবাদে ওই দিন রাতেই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ারম্যান কার্যালয়ে তালা দেন। তারপর ৫ জানুয়ারি দুপুরে বিক্ষোভ মিছিল করে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবা প্রত্যাশীদের বের করে দিয়ে পরিষদ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ৬ জানুয়ারি দুপুরে পরিষদ চত্বরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন থানার ওসি মো. সোলায়মান শেখ। বৈঠক শেষে তালা খুলে দেন নেতাকর্মীরা। আর আজ সোমবার স্থানীয় নারীরা চেয়ারম্যান কার্যালয়ে তালা ভাঙে দেন।
এ ঘটনায় দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে।
যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ বলেন, পরিষদের বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া আছে। সরকারের কাছে সুষ্ঠ বিচার চাই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
কয়েক শত নারী একত্রিত হয়ে কার্যালয়ের তালা ভাঙার খবর সচিব জানিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, পরিষদের ঘটনায় দুইটি লিখিত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে তা বাস্তবায়ন করা হবে।
ক্যাপশনঃ কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন পরিষদের চত্বরে কয়েক শত নারীর ভিড়। ছবি সোমবার দুপুরের