জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
তারা বলছেন, সেনাবাহিনীর সঙ্গে চুক্তিসহ তাদের দাবি পূরণে আর আশ্বাস নয়, এবার দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত সচিবালয় এলাকা ছাড়বেন না।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ সচিবালয়ের সামনে তারা অবস্থান নেন। এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছেন। তাদের কেউ মিছিল করছেন, কেউ সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এর আগে বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলনে অনশনকারী শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক সজিবুর রহমান।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি না আসা পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে। এছাড়া আগামী বুধবার মিটিংয়ে আমাদের তিনটি দাবি না মানা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, আগামী বুধবার বৈঠকে সেনাবাহিনীর প্রকৌশলী ইউনিট, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে আমাদের তিনটি দাবি মেনে নেওয়া হবে বলে অঙ্গিকার দিয়ে লিখিত দিতে হবে।
শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা; সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্য সম্পাদনের দায় নিয়ে বানী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও বাজেট পাশ করতে হবে। ২০২৫-২৬ অর্থবছর আসার পূর্বেই জরুরি ভিত্তিতে ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারী থেকেই প্রদানে ঘোষণা দিতে হবে।