দ্রুত নির্বাচনের দাবি জানালেন বিএনপি নেত্রী রিতা

সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলীয়ায় ইউনিয়নের ভোঁয়া গ্রামের হযরত শাহ সূফী সাদেক আলী মুন্সী ওয়ায়েসী (র.) এর ৭৯তম ওরশ মোবারক উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফরোজা খান রিতা বলেন, ‘আমারা কী খুনী হাসিনার দুঃশাসনের কথা ভুলে যাবো। বিএনপিতে যাতে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করতে না পারে তার দিকে নজর রাখতে হবে। এখনও স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা আওয়মী প্রেতাত্মারাই ঘটাচ্ছে।’

রিতা আরও বলেন, ‘আমাদের বিএনপির কেউ কেউ আওয়ামী দোসরদের প্রশ্রয় দিচ্ছেন। এমন প্রমাণ হাতে পেলে তাদের দল থেকে বহিস্কার করা হবে। বিএনপির কেন্দ্র থেকে এমন প্রেস রিলিজ দেওয়া হয়েছে। বিএনপি হচ্ছে জনগণের দল। দেশের ও জনগণের কল্যাণের জন্য দল হচ্ছে বিএনপি। এই দলকে কোনো অবস্থাতেই কুলশিত করা যাবে না। কাজেই আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির চেয়ারপার্সনের এ উপদেষ্টা আগামীতে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে আহ্বান জানান।

এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে তাদের নিপীড়ন নির্যাতনে একটা দিন একটা বছর মনে হয়েছে। বিগত ১৭ বছর মায়েরা স্বামী সন্তানের জন্য সারারাত কান্নাকাটি করেছেন, তারা বাড়িতে ঘুমাতে পারে নাই বলে।’

দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান হেলালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

এসময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ ও জেলা সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনির রহমান তুহিন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানসহ মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি এর বিভিন্ন অংগ সংগঠনের নেতারা।