কেরালায় দলিত নারীকে ধর্ষণে অভিযুক্ত ৬৪

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ৬৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক দলিত নারী। ১৮ বছর বয়সী সেই নারীর অভিযোগ, পাঁচ বছর ধরে অভিযুক্তদের দ্বারা ধর্ষণের শিকার হন তিনি। সরকারি একটি প্রকল্পের আওতায় কাজ করা পরামর্শকদের একটি দল ওই নারীর বাসায় গেলে তিনি ধর্ষণের বিষয়ে মুখ খোলেন। এরপর এ ঘটনায় বিভিন্ন আইনে এখন পর্যন্ত প্রায় ১৮টি মামলা করেছে পুলিশ। ঘটনা তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই মেয়ের বয়স যখন ১৩ বছর, তখন তার ওপর যৌন নিপীড়ন শুরু হয়।

ধর্ষণের এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১৭ থেকে ৪৭ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন দলিত ওই নারীর প্রতিবেশী, খেলাধুলার কোচ, এমনকি তার বাবার বন্ধুরাও। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৩ বছর বয়সে এক প্রতিবেশীর দ্বারা প্রথম যৌন নিপীড়নের শিকার হন ওই মেয়ে। ওই প্রতিবেশী তার কিছু ছবিও তোলেন। পরে ১৬ বছর বয়সে আবার তাকে যৌন নিপীড়ন করেন সেই প্রতিবেশী। একই সঙ্গে নিপীড়নের সময় ধারণ করা ভিডিও বেশ কয়েকজনের কাছে প্রকাশ করেন। পরে তারাও তাকে কয়েক বছর ধরে ধর্ষণ করেন।

স্থানীয় শিশুকল্যাণ কমিটির প্রধান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, দলিত ওই নারী একজন অ্যাথলেট ছিলেন। খেলাধুলা-সংক্রান্ত বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতেও ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। পুলিশ বলেছে, ওই নারীকে গত পাঁচ বছরে তিনবার সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। দলিত নারীর ওপর ধর্ষণের বিষয়টি তার মা-বাবা জানতেন না বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। তার বিষয়ে সিডব্লিউসির প্রধান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ওই নারীর সুরক্ষার জন্য তাকে সিডব্লিউ-সংশ্লিষ্ট একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাকে কাউন্সেলিং করা হচ্ছে। একজন মনোবিজ্ঞানীও তাকে দেখছেন।