চট্টগ্রামে ইসকন বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে গত বছরের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে আইনজীবী, পুলিশ ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগের পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন ৬৫ আইনজীবী। এর মধ্যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী শুভাশিস শর্মাও রয়েছেন। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ২৬ নভেম্বর খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলামের ভাই জানে আলম বাদী হয়ে ১১৬ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। এর মধ্যে ৭০ জন আইনজীবী রয়েছেন। এ ছাড়া পুলিশের ওপর হামলার আরেক মামলায় কিছু আইনজীবীকে আসামি করা হয়।
আসামিপক্ষে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শুভ্রজিৎ চৌধুরী। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া জানান, পৃথক দুই মামলায় আসামি ৬৫ আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়েছে মামলার চার্জশিট দায়ের পর্যন্ত। এদিকে জামিন আদেশের পরপরই আইনজীবীদের একাংশ আদালত চত্বরে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, আলিফ ভাই কবরে খুনি কেন বাইরে’ এ ধরনের সেøাগান দেন। আসামি হওয়া আইনজীবীদের জামিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করতে থাকেন। আদেশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব এবং বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘বিস্ফোরকদ্রব্য আইনের ধারায় করা মামলার আসামিরা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পায় না। হাইকোর্ট থেকে জামিন পায়। কিন্তু আজকে আদালত দুই মামলায় ৬৫ জন আসামির জামিন মঞ্জুর করেছে। এ ধরনের আদেশে আমরা ক্ষুব্ধ।’