আসছে ‘ধ্রুব মিউজিক আমার গান’

অনেক প্রতিক্ষার পর অবশেষে আসছে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের সেরা গানগুলো। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ জানিয়েছেন আগামী ১৬ জানুয়ারী থেকে পর্যায়ক্রমে গানগুলো ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রকাশ পাবে দেশি ও আর্ন্তজিাতিক একাধিক অ্যাপে। গানগুলো প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন দেশের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, শাওন গানওয়ালা, কিশোর দাস, কাজী শুভ ও বেলাল খান। 

বিচারকদের স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার গানের মধ্য থেকে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। এরপর চূড়ান্ত ফলাফলে সেরা-২০ বিজয়ী ঘোষণা করা হয়।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ এই আয়োজন নিয়ে বলেন, অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সংগীতের প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রি সঙ্গীতের একঝাক অলরাউন্ডার পেতে যাচ্ছে। আমরা শুরু থেকেই প্রতিভার মূল্য দিয়ে আসছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।