ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ককটেল ফাটিয়ে এক বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্য এক ব্যবসায়ী। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী হলেন ফারুক হোসেন। এছাড়া আহত অন্য ব্যবসায়ী শিমুল হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারের যমুনা রোডের সামনে হঠাৎ বিকট শব্দ হয়। পরপর কয়েকটি ককটেল ফুটলে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কেউ কিছু বুঝতে না পারলেও সামনে গিয়ে দেখা যায় বিকাশ ব্যবসায়ীর টাকা নিতেই ককটেল ছোঁড়া হয়েছে। 

বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেন টাকা নিয়ে মাত্র দোকান থেকে বের হলে সঙ্গে সঙ্গে দুটি প্রাইভেটকার থেকে তাকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে বেশ কয়েকজন দুর্বৃত্তরা। এ সময় ভয়ে তার হাত থেকে টাকার ব্যাগ পড়ে যায়। এটি দেখে পাশের দোকানদার শিমুল হোসেন দৌড়ে আসলে তাকে উদ্দেশ্য করেও ককটেল ছুঁড়ে মারা হয়। এতে শিমুল গুরুতর আহত হয়। তবে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়। 

ভুক্তভোগী ব্যবসায়ী ফারুক হোসাইন বলেন, ‘দোকান বন্ধ করে টাকার ব্যাগটা মাত্র হাতে নিয়েছি, এমন সময় প্রাইভেটকার থেকে ৫-৭ জন নেমে আমার দোকান লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। এরপর আমার ব্যাগে থাকা ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা বিকাশ ব্যবসায়ীর কিছু টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।