মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ গেল রাবি শিক্ষকের

দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার মারা গেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

এর আগে সোমবার দুপুরে রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকার বারো রাস্তার মোড়ে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। 

জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার সোমবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানায়, সোমবার দুপুরে বড় মেয়ে তিতিলকে স্কুল থেকে আনতে যান পুরনজিত মহালদার। রাজশাহীর বারো রাস্তার মোড় এলাকায় বালুর সঙ্গে স্লিপ খেয়ে মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 
 
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে তার মরদেহ নিয়ে আসা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শেষবারের মতো বিদায় জানান। পরে বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায় নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বাংলা বিভাগের এই শিক্ষকের এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে শোক প্রকাশ করেছেন।