রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় ফেলোশিপ প্রদান

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিক ফেলোশিপ ও সনদ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। পাঁচ দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা শেষে এ ফেলোশিপ ও সনদ দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এছাড়া সমাজে সাংবাদিকদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্ব অনেক বেশি। বড় বড় সাংবাদিকের পাশাপাশি অনেক লেখক ও সাহিত্যিকও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি বলেন, আমাদের একজন লেখক ছিলেন, যিনি মাত্র দুটি শব্দ বলেছিলেন ‘ নো দাইসেল্ফ’ অর্থাৎ ‘নিজেকে জানো’। তিনি একজন সক্রেটিস। তার চেহারা প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে আকর্ষণীয় ছিল না। কথিত আছে, তার স্ত্রী প্রায়ই তার সঙ্গে দুর্ব্যবহার করতেন। কিন্তু সারা দেশের তরুণেরা তার কথা শোনার জন্য অপেক্ষা করতেন। তিনি এত সুন্দর কথা বলতেন যে ‘নিজেকে জানো’-এই দুটি শব্দই যথেষ্ট ছিল। সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই কথাটি মানুষের মনে গেঁথে আছে। আমরা বিভিন্ন বক্তৃতায়ও এর উদাহরণ দেই।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সাংবাদিকতাকে প্যাশন হিসেবে নেবেন। আগামী দিনে সাংবাদিকতা পেশার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আপনাদের অবদান ছড়িয়ে পড়ুক-এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, এখানে যারা নতুন করে সাংবাদিকতা শুরু করেছে, তাদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের দেখে আমি খুবই উৎসাহিত হয়েছি। এটি খুবই উৎসাহব্যঞ্জক। আশা করি, সবাই ভালো করবে। সবার জন্য শুভকামনা রইল।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত