সিটির সাভিনহোর দিকে নজর পড়েছে রিয়াল মাদ্রিদের

ম্যানচেস্টার সিটির উইঙ্গার সাভিনহোর দিকে নজর পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চলতি দলবদলেই তাকে দলে ভেড়ানোর জন্য ম্যানসিটিকে রিয়াল প্রস্তাব দেবে বলে গুঞ্জন উঠেছে। একই সঙ্গে এই প্রতিভাবান তরুণকে দলে নিতে চাইছে প্যারিস সেইন্ট জার্মেইও।

গত গ্রীষ্মকালীন দলবদলে ত্রয়েস থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে সাভিনহোকে দলে টানে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ম্যানসিটিতে ২০ বছরের এ তরুণের শুরুটা নড়বড়ে হলেও সাম্প্রতিক সময়ে দারুণ করছেন তিনি। প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট পেয়েছেন সাভিনহো। ট্রান্সফারমার্কেট অনুযায়ী বর্তমানে অন্তত ৫০ মিলিয়ন পাউন্ড বাজারমূল্য রয়েছে ব্রাজিলের এ তরুণের।

২০২৪ সালের শেষভাগে ব্যাপক ফর্মহীনতার মধ্য দিয়ে কাটায় সিটিজেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জেতে তারা। তবে নতুন বছরে সবশেষ তিন ম্যাচে টানা জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। শীতকালীন দলবদলেও সক্রিয় ক্লাবটি। আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে ওমার মারমোওশ, আরসি লেনস থেকে আবদুকোদির খুসানোভ এবং পালমেইরা থেকে ৪০ মিলিয়ন ইউরোতে ভিতোর রেইসকে দলে টেনেছে ক্লাবটি।

এছাড়া এই দলবদলে ম্যানসিটি ছাড়ছেন অভিজ্ঞ কাইল ওয়াকার। এমন অবস্থায় আর কাউকে ছাড়তে চাইবেন না পেপ। অবশ্য প্রিমিয়ার লিগের লভ্যাংশ ও  সাসটেইনিবিলিটির নিয়মের বেড়াজালে পড়লে ভিন্ন চিন্তা করতে হতে পারে সিটিকে। তবে রিয়াল মাদ্রিদ উঠে পড়ে লাগবে পছন্দের ফুটবলারকে দলে টানতে।