‘খেলে মজা পাবে’, পিএসএল নিয়ে রিশাদকে তামিম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেলেও খেলা হয়নি রিশাদ হোসেনের। এবার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। দুবারের পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ‍সিলভার ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে দেশের এই লেগ স্পিনারকে। ২০২০ পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। তাই ফ্র্যাঞ্চাইজিটি সম্পর্কে রিশাদকে আগেভাগেই টোটকা দিয়েছেন তামিম।

বিপিএলে এবার তামিমের অধিনায়কত্বে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে রিশাদ বললেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই।’

লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করেন রিশাদেরই বরিশাল দলের সতীর্থ শাহিনশাহ আফ্রিদি। কাছ থেকে দেখেছেন রিশাদকে। পিএসএলে রিশাদ দল পাবেন তা আগেই কিছুটা অনুমান করেছিলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’

এর আগে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েও খেলা হয়নি। পিএসএল নিয়ে তাই এখনই বেশি ভাবতে চান না রিশাদ। ফোকাস রাখতে চান বিপিএলের দিকেই, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলব আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম আমি কোনো আশা করি না। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত