উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদান। ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই তীব্র হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাজধানী খার্তুমের আশপাশের এলাকায় গোলাবর্ষণে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। দেশটির উদ্ধারকারী স্বেচ্ছাসেবীদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
উদ্ধারকারীরা জানিয়েছেন, সংঘর্ষে দেশটির চিকিৎসাব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এতে স্বাস্থ্যকর্মীরা আহত বিপুল সংখ্যক লোককে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
স্বেচ্ছাসেবী উদ্ধারকারীদের নেটওয়ার্ক ওমবাদা ইমার্জেন্সি রেসপন্স রুম জানিয়েছে, খার্তুমের পশ্চিম ওমদুরমানে ‘এলোপাতাড়ি গোলাবর্ষণের’ ফলে কমপক্ষে ১২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
নেটওয়ার্ক হতাহতের ঘটনাকে প্রাথমিক বলে জানিয়েছে এবং কোন গোষ্ঠী এই হামলার জন্য দায়ী তা নির্দিষ্ট করে জানায়নি।