রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বুধবার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন।
জানা যায়, বুধবার প্রশিক্ষণরত ৪৮০ জন এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ হবে।
এদিকে সোমবার থেকে ঢাকায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছে বিভিন্ন ‘অজুহাতে’ প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া এসআইরা। এসময় তাদের গায়ে কাফনের কাপড়ও দেখা গেছে। মঙ্গলবারও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, মোট ৮২১ জন এসআই ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণ শুরু করেছিলেন। ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তারমধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি। তাদের চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে।