রাজধানীতে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুড়িলে ও সোমবার দিবাগত রাত দেড়টায় ধোলাইপাড়ে এই দুর্ঘটনা দুটি ঘটে।

এর মধ্যে রাজধানীর কুড়িল ফ্লাইওভার ব্রিজে বাস ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে আকিকুল ইসলাম মণ্ডল (৩৫) নামে এক ভ্যানচালক ও ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালের সামনে আরাফাত তাজিব চয়ন (১৭) নামে সিটি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত আকিকুলের বাড়ি ময়মনসিংহ ধোবাউরা উপজেলার টাংগাটী গ্রামে। তিনি ছেলে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে বসুন্ধরা মৃধাবাড়ি এলাকায় থাকতেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইব্রাহিম হোসেন রাকিব জানান, ওই ব্যক্তি পায়ে চালিত ভ্যান কুড়িল ফ্লাইওভার দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। তখন একটি বাস ভ্যানটিতে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। আর ছিটকে ফ্লাইওভার থেকে নিচে রাস্তায় পড়েন ভ্যানচালক। গুরুতর অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজি মোছা. রোকেয়া আক্তার জানান, উত্তরা এলাকার একটি পরিবার নিজেদের বাসা পরিবর্তন করে বসুন্ধরা এলাকায় আসবে। সেই বাসার আসবাবপত্র আনার জন্য উত্তরার দিকে যাচ্ছিলেন আকিকুল। রাস্তায় জ্যাম আর খানাখন্দ থাকায় হয়তো তিনি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অপর নিহত কলেজছাত্র আরাফাতের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়। সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র সে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন তালুকদার জানান, ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালের সামনে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে আরাফাত (১৭) ও তার বন্ধু সায়েদ (১৮)। তখন পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে আরাফাতকে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতের চাচা কামাল হোসেন জানান, পরিবারের সাথে আরাফাত কদমতলীর পূর্ব জুরাইন ঋষিপাড়ায় থাকত। তার বাবার নাম হুমায়ুন কবির। সোমবার রাতে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল আরাফাত ও সায়েদ। ধোলাইপাড় সালাউদ্দিন তেলপাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হওয়ার পর কিছু দূর গেলে ওই ট্রাকটিকে ওভারটেক করার সময় ধাক্কা লেগে ছিটকে পড়ে বলে জানতে পেরেছেন তারা।