ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ৬.৪ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খুলে দিয়েছে ভারত। সোমবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই টানেলের উদ্বোধন করেন। কৌশলগত এই হিমালয় সড়ক সুড়ঙ্গটি চীন ও পাকিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থিত। এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এই টানেলের মাধ্যমে চীন ও পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুউচ্চ সীমান্ত অঞ্চলের দিকে সব আবহাওয়ায় চলাচলের সুযোগ পাবে নয়াদিল্লি।
জেড-মোরহ বা সোনমার্গ টানেল নামের এই সুড়ঙ্গটি বছরে চার থেকে ছয় মাস তুষারে আবৃত থাকে এমন পর্বত গিরিপথের নিচে ৬.৪ কিমি দীর্ঘ। মূলত সীমান্ত অঞ্চলে বিস্তৃত অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই টানেলটি তৈরি করা হয়েছে। এ ছাড়া এই টানেলটি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে লাদাখের সঙ্গে সংযুক্ত করতেও সাহায্য করেছে। এর ফলে সারা বছর শ্রীনগর-লেহ হাইওয়ে খোলা রাখা সহজ হবে। ৩১৩ মিলিয়ন ডলারের এই প্রকল্পটি নির্মাণ সম্পন্ন করতে সময় লেগেছে এক দশক।
এদিকে কাশ্মীরের আরেকটি টানেল নির্মাণ করছে ভারত। ১৩ কিমি দীর্ঘ জোজিলা টানেলের নির্মাণকাজ অর্ধেকেরও বেশি শেষ হয়েছে। ২০২৬ সালে এই টানেলটি খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় তথ্য মন্ত্রণালয়। এ ছাড়া ভারত অধিকৃত কাশ্মীরের সঙ্গে নিম্নভূমিকে সংযুক্ত করার জন্য ৩.৯ বিলিয়ন ডলারের রেললাইনও নির্মাণ করেছে। যার অংশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল সেতুও নির্মাণ করা হয়েছে। ২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি ভারতীয় সেনাবাহিনীর উত্তর কমান্ডের সদর দপ্তর উধমপুরের গ্যারিসন শহর থেকে শুরু হয়ে শ্রীনগরের মধ্য দিয়ে চলে গেছে।