নিজের টাকায় নয়, দুর্দান্ত পারফর্মেন্স করে উপহার পেয়েছিলেন গাড়িটা। সেটাও ৩৯ বছর আগের কথা। এত বছর সযত্নে আগলে রেখেছেন গাড়িটি। গত চার দশকে তার বাড়ির গ্যারেজে অনেক গাড়ি এসেছে- গেছে, কিন্তু নিজের প্রিয় বাহনকে কখনও বিদায় জানানোর কথা ভাবেননি রবি শাস্ত্রী। এক প্রদর্শনীতে নিজের সেই প্রিয় অডি গাড়ি ওঠালেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সেরা ক্রিকেটার হয়ে শাস্ত্রী এই গাড়িটি জিতেছিলেন; যার মডেল ‘অডি ১০০’। অস্ট্রেলিয়া থেকে জিতে আনা গাড়িটি কখনও হাতছাড়া করেননি শাস্ত্রী। প্রায় ২৫ বছর শাস্ত্রী নিজেই গাড়িটি চালিয়েছেন। তারপর রেখে দিয়েছেন সযত্নে। প্রদর্শনীতে শাস্ত্রী তার প্রিয় গাড়ি নিয়ে এলে দেখার জন্য ভিড় লেগে যায়।
অভিভূত শাস্ত্রী পরে গাড়িটির সঙ্গে নিজের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘আমার বাচ্চা ২৫ বছর পর! রেমন্ড অটো ফেস্টে গাড়িটা চালাতে পেরে রোমাঞ্চিত লাগছে। ভারতের পুরনো রত্নগুলোকে এভাবে প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য গৌতম সিঙ্ঘানিয়াকে ধন্যবাদ। অবিশ্বাস্য উদ্যোগ। প্রায় ৪০ বছর আগে ভারত যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখনকার মতোই উজ্জ্বল দেখাচ্ছে গাড়িটাকে।’
বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১৮৫ রানের পাশাপাশি ৮ উইকেট নিয়েছিলেন শাস্ত্রী। সেরা ক্রিকেটারের পুরস্কার হিসাবে জিতেছিলেন ‘অডি ১০০’ গাড়িটি। ফাইনালে তার ব্যাট থেকে এসেছিল ৬৩ রানের ইনিংস, নিয়েছিলেন একটি উইকেটও।